বরিশাল চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার নাজমুল হক রিমন (৩২) আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার, ৬ অক্টোবর বিকেল পৌনে ৪টার দিকে আদালত ভবনের পশ্চিম পাশ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
রিমন বরিশাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কাশিপুর গণপাড়া এলাকার বাসিন্দা এনামুল হকের ছেলে।
সরকারি মহিলা কলেজের হিসাবরক্ষক শেখ ফরিদ আহমেদ জানান, ঘটনার আগের দিন অর্থাৎ সোমবার, ৫ অক্টোবর কলেজের অডিট সম্পন্ন হয়। অডিটে ক্যাশিয়ার হিসেবে ব্যাংকে তিন লাখ ৮৩ হাজার টাকা জমা দেওয়ার কথা থাকলেও ৩৮ হাজার টাকা জমা পাওয়া যায়। এ ঘটনায় অডিট কমিটি আপত্তিসহ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া এবং মামলা করার সুপারিশ করে। তবে ঘটনার সময় পর্যন্ত তার বিরুদ্ধে কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান হিসাবরক্ষক।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।